সিল্কসিটিনিউজ ডেস্ক:
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝপদ্মায় ডাম্প ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নৌরুটের মাদারীপুরের শিবচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে ডুবুরি ও নৌ-পুলিশ সদস্যরা।

এরা হলেন-কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার পসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫)। তার স্ত্রী লিমা (২০)। শিশু ফাতেমা (৮) পটুয়াখালী জেলার আমিরাবাদ থানার বাউফল থানার রুবেল গাজীর মেয়ে।
এর আগে রোববার (১১ নভেম্বর) বিকেলে ২৪ জন যাত্রী নিয়ে পদ্মা পারি দেওয়ার সময় ডাম্প ফেরির ধাক্কায় ডুবে যায় একটি স্পিডবোট। যাত্রীদের মধ্যে ২১ জনকে সেনাবাহিনীর টহলবোট উদ্ধার করলেও নিখোঁজ থাকে তিনজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আরমান হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল এলাকা থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।










