নিজস্ব প্রতিবেদক :
পদ্মা নদী থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির ন্যায্য অংশ গোদাগাড়ী উপজেলার জনগণের জন্য বরাদ্দ রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে “গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ”।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের আহ্বায়ক এ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলু ও সদস্য সচিব হযরত আলী বলেন, গোদাগাড়ী থেকেই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পদ্মা নদীর পানি উত্তোলন করে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করা হলেও, গোদাগাড়ীর সাধারণ মানুষই বিশুদ্ধ পানির সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত।
তারা বলেন, গোদাগাড়ী অঞ্চলের অধিকাংশ গ্রামে বিশুদ্ধ খাবার পানির চরম সংকট বিরাজ করছে। টিউবওয়েলের পানিতে আর্সেনিকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এই প্রেক্ষাপটে গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ ৫ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে রয়েছে:
১. পদ্মা নদী থেকে উত্তোলিত বিশুদ্ধ পানির একটি ন্যায্য অংশ গোদাগাড়ী উপজেলাবাসীর জন্য বরাদ্দ রাখা
২. উপজেলার প্রতিটি গ্রাম ও হাট-বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা
৩. পানি ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো প্রকল্পে স্থানীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা
৪. বিকল্প নিরাপদ পানির উৎস (পাইপলাইন, ফিল্টার প্ল্যান্ট) স্থাপন করা
৫. গোদাগাড়ীর জনগণের জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ প্রদান করা
জেলা প্রশাসক আফিয়া আফতার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মাটিকাটা ইউনিয়নের আলহাজ্ব মো. এনামুল হক, হড়গ্রামের ওবাইদুর রহমান, তানোরের বেলাল, রিশিকুলের মোকবাল হোসেন, আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
নেতারা আরও বলেন, তাদের দাবির বাস্তবায়ন না হলে আগামীতে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।









