সিল্কসিটিনিউজ ডেস্ক:
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার রাতে লোহাগড়া থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই নাসির, শিমুল দাস ও মিহির। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, বুধবার রাত ৯টার দিকে পৌরসভার কচুবাড়িয়া এলাকা থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শরিফুল ইসলামের সমর্থক জাহাঙ্গীর ওরফে উজ্জ্বলকে পিস্তল ও গুলিসহ স্থানীয়রা আটক করে পুলিশে দেন।
এ ঘটনায় আওয়ামী লীগের অপর বিদ্রোহী মেয়র প্রার্থী আশরাফুল আলমের সমর্থকরা কচুবাড়িয়া এলাকায় শরিফুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই শিমুল দাস তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে এনে ছেড়ে দেন।
তিনি আরো জানান, শরিফুল ইসলামকে ছেড়ে দেওয়ার অভিযোগে আশরাফুল আলমের কর্মী-সমর্থকরা লোহাগড়া থানার সামনে বিক্ষোভ করে। পুলিশ সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাদের হামলায় এসআই নাসির, শিমুল, মিহিরসহ বেশ কয়েক পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আগামী ৭ আগস্ট লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত লিপি খানম, আওয়ামী লীগের বিদ্রোহী আশরাফুল আলম, শরিফুল ইসলাম ও বিএনপি সমর্থিত নেওয়াজ আহম্মেদ ঠাকুর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র: রাইজিংবিডি









