সব খবর

নোয়াখালীতে জোয়ারের পানিতে ভেসে চরে আসলো জীবিত তিমি

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীসংলগ্ন চর আতাউরের ডুবোচরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়।

এর আগে একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয় লোকজন। ওই সময় চরে বিশাল তিমি ভেসে আসার খবরে দেখতে ভিড় জমায় সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমিটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমি আটকে আছে। খবর পেয়ে কোস্ট গার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসেন। পরে জেলেদের সহযোগিতায় তারা মাছটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেন।

বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিমিটি জীবিত অবস্থায় ছিল।

তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান মেঘনা নদীসংলগ্ন চর আতাউরে তিমি আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তিমিটি খবারের খোঁজে এটি সাগর থেকে মেঘনা নদীতে চলে আসে। পরে জোয়ারের তোড়ে এটি হাতিয়ায় নুতন জেগে ওঠা চর আতাউরে ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় জেলেরা তিমিটির লেজে এবং মাথায় রশি বেঁধে নদীতে ছেড়ে দেন।