সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেদারল্যান্ডসে তুর্কি নাগরিকদের র্যালিতে ডাচ পুলিশের শক্তিপ্রয়োগ এবং দেশটিতে তুরস্কের দুই মন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারা। এ ঘটনায় নেদারল্যান্ডসের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থগিত তুরস্কের ঘোষণা দিয়েছে তুরস্ক। সোমবার তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

তুরস্কে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের আঙ্কারায় প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে তুর্কি কর্তৃপক্ষ।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু’কে নেদারল্যান্ডসের রটারডেম শহরে প্রবেশ নিষিদ্ধের ডাচ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, নেদারল্যান্ডসকে এর উত্তর দিতে হবে।
সিএনএন-এর কানেক্ট দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি কি একজন সন্ত্রাসী? এই দেশে বসবাসরত তুর্কিরা সন্ত্রাসী?’
তিনি বলেন, সেখানে কি একজন তুর্কিও মৌলবাদী? এর উত্তরে তারা বলছে ‘না’। তাহলে নিরাপত্তাজনিত সমস্যাটা কোথায়? তারা আমাকে বিস্তারিত কিছু জানায়নি। আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আমি একজন সন্ত্রাসী নই। প্রকৃত কারণ গোপন করে নিরাপত্তাজনিত সমস্যার অজুহাত তোলা হচ্ছে। প্রকৃতপক্ষে নেদারল্যান্ডস এবং ইউরোপের অন্য দেশগুলোতে বর্ণবাদ, ইসলামফোবিয়া এবং জেনোফোবিয়া (বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয়)-এর উত্থান ঘটেছে।

এদিকে তুরস্ক ও নেদারল্যান্ডসের মধ্যকার চলমান উত্তেজনায় উভয়পক্ষকে পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখানোর আহ্বান জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ১৩ মার্চ ২০১৭ সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান সংস্থাটির মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ।
ন্যাটা মহাসচিব বলেন, শক্তিশালী বিতর্ক আমাদের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। কিন্তু একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধও গুরুত্বপূর্ণ। আমি সব মিত্র দেশকে এই শ্রদ্ধাবোধ দেখাতে উৎসাহিত করবো।
জিন্স স্টোলটেনবার্গ বলেন, এ বিষয়ে আমি উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছি। তুরস্ক ও নেদারল্যান্ডসের উচিত উত্তেজনা আরও না বাড়িয়ে বরং আমাদের ঐক্যবদ্ধ করে এমন বিষয়গুলোর প্রতি নজর দেওয়া।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ উদীয়মান শক্তি হিসেবে তুরস্কের উত্থানকে সহ্য করতে পারছে না। সোমবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তুরস্কে বিদ্যমান পার্লামেন্টারি পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু করতে আগ্রহী দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এ লক্ষ্যে আগামী ২০১৭ সালের ১৬ এপ্রিল তুরস্কে গণভোট অনুষ্ঠিত হবে। এ ইস্যুতে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের মধ্যে প্রচারণা চালাতে চেয়েছিল তুর্কি সরকার। তবে এ ইস্যুতে তুর্কি মন্ত্রীদের প্রচারণা নিষিদ্ধের পর সম্প্রতি দেশটির সঙ্গে উত্তেজনা তৈরি হয় তুরস্কের।

চলতি মাসেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু’কে নেদারল্যান্ডসের রটারডেম শহরে প্রবেশ নিষিদ্ধ করে শহর কর্তৃপক্ষ। পরে দেশটির পরিবার ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া’কেও সেখানকার তুর্কি কনসুলেটে প্রবেশ আটকে দেয় ডাচ পুলিশ। এর প্রতিবাদে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের বিক্ষোভে লাঠিচার্জ করে ডাচ পুলিশ। জলকামান ব্যবহার করে তুর্কি নাগরিকদের বিক্ষোভ দমন করে নেদারল্যান্ডের কর্তৃপক্ষ।
গণভোটের পক্ষে র্যালিতে নিষেধাজ্ঞা ও তুর্কি মন্ত্রীকে প্রচারণা চালানোর অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, এ ধরনের আচরণের জন্য নেদারল্যান্ডসকে অবশ্যই মূল্য দিতে হবে। তাদের শিখতে হবে কূটনীতি কী। আমরা তাদের আন্তর্জাতিক কূটনীতি শিক্ষা দিয়ে ছাড়বো।’
এর আগে জার্মানি ও নেদারল্যান্ডসকে ‘নাৎসিবাদী ও ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, শুধু ওই ধরনের সরকারই বিদেশি মন্ত্রীদের সফর নিষিদ্ধ করতে পারে। আমি ভেবেছিলাম, নাৎসিবাদ শেষ হয়ে গেছে। কিন্তু এটি ভুল। পশ্চিমে এখনও নাৎসিবাদ জীবন্ত। তারা ইসলামোফোবিয়ায় আক্রান্ত।
এদিকে নেদারল্যান্ডসকে ‘নাৎসিবাদী ও ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যায়িত করায় এরদোয়ানের কঠোর সমালোচনা করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতে। তিনি বলেছেন, এমন মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এরদোয়ানকে এর জন্য ক্ষমা চাইতে হবে। সূত্র: সিএনএন, আল জাজিরা, বিবিসি, আনাদোলু এজেন্সি।
সূত্র: বাংলা ট্রিবিউন










