সিল্কসিটিনিউজ ডেস্ক :
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখল করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তির পথে একটি পদক্ষেপ বলে দাবি করছে জান্তা।

রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র দ্য গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার জানিয়েছে, ‘বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনকে বাধা-বিঘ্ন বা ধ্বংস থেকে রক্ষার জন্য আইন মঙ্গলবার কার্যকর করা হয়েছে।’
প্রকাশিত ১৪ পৃষ্ঠার এ আইনে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রক্রিয়ার কোনো অংশ ধ্বংসের উদ্দেশ্যে বক্তব্য, সংগঠন, উসকানি, প্রতিবাদ বা লিফলেট বিতরণ নিষিদ্ধ।’
এ আইন লঙ্ঘনের জন্য ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্তদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে, আর যদি দলবদ্ধভাবে অপরাধ সংঘটিত হয় তবে শাস্তির মেয়াদ ৫ থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে।
আইনে আরো বলা হয়েছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে কাউকে হত্যা করা হলে ‘অপরাধে জড়িত সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে’।
মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল জান্তার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যেসব জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও অভ্যুত্থানবিরোধী গেরিলা দল জান্তার সঙ্গে লড়াই করছে, তারা বিরোধিতার স্পষ্ট বার্তা দিতে নির্বাচনের আগে বড় ধরনের হামলা চালাতে পারে।
গত মাসে এ নির্বাচনী পরিকল্পনাকে ‘প্রতারণা’ হিসেবে প্রত্যাখ্যান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান জাতিসংঘের এক বিশেষজ্ঞ। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যানড্রুজ বলেন, ‘জান্তা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে একটি কৃত্রিম নির্বাচনী প্রক্রিয়া তৈরি করে, একটি ভুয়া বেসামরিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।










