বিজ্ঞান ও প্রযুক্তি

নিরাপত্তা বিষয়ে হুয়াওয়ের অবস্থান স্বচ্ছ—রোটেটিং চেয়ারম্যান কেন হু

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে পণ্যের নিরাপত্তা নিয়ে সংকটে পড়েছে হুয়াওয়ে। চলমান ইস্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির পণ্যে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কোম্পানির অবস্থান স্পষ্ট করেছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু। গত মঙ্গলবার চীনের দোংগুয়ানে হুয়াওয়ের নতুন ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিষ্ঠানটির বস্থান তুলে ধরেন তিনি। খবর এপি।

কেন হু বলেন, হুয়াওয়ের সরঞ্জামের নিরাপত্তা নিয়ে আগের রেকর্ড একদম স্বচ্ছ। ৩০ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রযুক্তিপণ্যের সাইবার নিরাপত্তা নিয়ে কোনো গুরুতর অভিযোগ ছিল না কিংবা কোনো প্রমাণ পাওয়া যায়নি। গ্রাহক নিরাপত্তা বিষয়ে হুয়াওয়ের অবস্থান অত্যন্ত দৃঢ়।

প্রযুক্তি দিন দিন জটিলতর হচ্ছে এবং নেটওয়ার্ক উন্মুক্ত হচ্ছে। তাই নিরাপত্তা খাতে আমরা বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কানাডা ও যুক্তরাজ্যের মতো বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে সহায়তা করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সালের প্রথমার্ধে ব্রাসেলসে একটি নিরাপত্তা সেন্টার চালুর পরিকল্পনা করেছি।

তিনি বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন দেশের সরকার, স্থানীয় প্রতিনিধি ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখছি। নিরাপত্তা নিয়ে কাজ করছি এবং এ খাতে অন্যদের চেয়ে আমরা অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে চাই।

কেন হু উল্লেখ করেন, বিশ্বব্যাপী হুয়াওয়ে সম্পর্কে ভীতি সৃষ্টি করার পরও ক্রেতারা আমাদের বিশ্বাস করে এবং আমাদের সঙ্গে কাজ করতে চায়। তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য আমরা  কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, হুয়াওয়ের তিনটি বিজনেস গ্রুপ রয়েছে। চলতি বছর ১০ হাজার কোটি ডলার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি। হুয়াওয়ে বিশ্বব্যাপী ২৫টির বেশি ফাইভজি চুক্তি সম্পন্ন করেছে এবং ১০ হাজারের বেশি ফাইভজি বেইজ স্টেশন হস্তান্তর করেছে।

কেন হু জানান, তিনি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুর গ্রেফতার বিষয়ে মন্তব্য করার এখতিয়ার রাখেন না। তবে ব্যবসায়িক কমপ্লায়েন্স পরিপালনে হুয়াওয়ে বেশ আত্মবিশ্বাসী। এ ঘটনা বিশ্বব্যাপী নির্বাহী কর্মকর্তাদের ভ্রমণে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

তিনি বলেন, হুয়াওয়ে পাবলিক কোম্পানি নয়, তার মানে আমরা কাজের কোনো স্বচ্ছতা রাখি না, তা নয়। স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা অনেক চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। হুয়াওয়ে একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, যার মালিক এ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরাই।