চাঁপাইনবাবগঞ্জ

নিরাপত্তা জোরদার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের তিন এমপির

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
প্রতিকী ছবি

ভ্রাম্যমান প্রতিনিধি:
জামায়াত-শিবির অধ্যুষিত চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় তিন এমপিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

 
জানা গেছে, গাইবান্ধায় সরকার দলীয় এমপি লিটন খুন হওয়ার পর জামায়াত-শিবির অধ্যুষিত ২২ জেলার এমপিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্ট জেলার এসপিদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এমপিদের সার্বক্ষণিক দেহরক্ষীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশি তৎপরতা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে এমপিদের পরামর্শও নিতে বলা হয়েছে। সূত্র মতে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ।

 
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী জানিয়েছেন, যে স্থানে দলীয় বা নিজ অনুষ্ঠান থাকে ওইসব স্থানের তালিকা পুলিশের কাছে আগেই পাঠানো হচ্ছে। পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ফলে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই। তবে শিবগঞ্জের মাটিতে জামায়াত-শিবিরের তাণ্ডব আর হতে দেয়া হবে না। তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। প্রয়োজনে জীবনবাজি রেখে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

 
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ মো. আব্দুল ওদুদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় ও ফোন রিসিভ না করায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

 
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান,চাঁপাইনবাবগঞ্জের তিনজন সাংসদের সাথে আলাপ আলোচনা করে তাদের সব সময় পুলিশ নিরাপত্তা দিয়ে আসছে। এ ছাড়া সাংসদদের চাহিদা অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
স/শ