সদ্য প্রকাশিত
খেলা

নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চোটের কারণে দল থেকে ছিটকে পড়া স্টিভেন স্মিথের বদলে নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।

শুক্রবার দুপুরে ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েড হচ্ছেন অস্ট্রেলিয়ার ২৪তম ওয়ানডে অধিনায়ক।

এর আগে এদিন সকালে অ্যাডিলেডে স্মিথ সাংবাদিকদের জানান, তার বাঁ অ্যাঙ্কেলের মেডিয়াল লিগামেন্টে চোট আছে। সেরে উঠতে ৭-১০ দিন সময় লাগবে। নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি সিরিজে তাই থাকছেন না তিনি।

স্মিথের চোটে খানিকটা সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কারণ সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও যে দলে নেই। ভারত সফরকে সামনে রেখে তাকে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

স্মিথ ছিটকে যাওয়ার পর অবশ্য ওয়ার্নারকে আবার দলের সঙ্গে যুক্ত করতে তার সঙ্গে আলোচনা করেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তবে শেষ পর্যন্ত তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত পরিবর্তন করেননি তারা। দায়িত্ব দেওয়া হয় ওয়েডকে। আর স্মিথের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান স্যাম হেজলেট।

আগামী ৩০ জানুয়ারি অকল্যান্ডে হবে চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম ওয়ানডে। নেপিয়ার ও হ্যামিল্টনে পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২ ও ৫ ফেব্রুয়ারি।

সূত্র: রাইজিংবিডি