নিজস্ব প্রতিবেদক :
নাটোরে ৭১ বোতল অবৈধ ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোরের দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি মোটর সাইকেল ও ১ টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী বাঘা উপজেলার খানপুর এলাকার লাভলু মন্ডলের ছেলে সোহেল রানা (২০)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রির মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামির বিরুদ্ধে লালপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।









