নাটোর

নাটোরে গুদাম থেকে ১৫০ বস্তা চাল লুট

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

নাটোরে সেলিম ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর চালের গুদামের তালা ভেঙে ১৫০ বস্তা চাল লুট করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরতলীর ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে লুটের ঘটনাটি ধরা পড়ে।

পুলিশ ও গুদাম মালিক সেলিম ভূঁইয়া বলেন, ফুলবাগান এলাকার সড়ক ভবনসংলগ্ন শাহিন ট্রেডার্সের সামনে একটি ট্রাক দাঁড় করায় দুর্বৃত্তরা।

পরে তারা গুদাম ঘরের শার্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ১৫০ বস্তা চাল ট্রাকে তুলে চলে যায়। এ সময় তারা ক্যাশ বাক্স থেকে ১২ হাজার টাকাও লুট করে। সকালে পাশের গুদামের লোকজন গুদাম খুলতে এসে শার্টারের তালা ভাঙা দেখে তাদের খবর দেয়।
পরে সেলিম ভূঁইয়া ও তার গুদামের কর্মচারীরা পৌঁছে ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ক্যামেরা ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। সিসিটিভি ক্যামেরা ফুটেজে রাত ২টার দিকে গুদাম থেকে চাল লুটের ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।