রাজশাহীর খবর

নাটোরের নলডাঙ্গা থানার ওসি ও শিক্ষা কর্মকর্তাকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরে নলডাঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকযোগে একটি চিঠির মাধ্যমে এই হুমকি দেয়া হয়। তবে চিঠিতে কোন সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

হলুদ খামে পাঠানো এক পৃষ্ঠার চিঠিটি সাদা কাগজে হাতে লেখা। “ইউএনওকে সম্বোধন করে ওই চিঠিতে বলা হয়েছে, ‘কোরবানির ঈদের আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে সরিয়ে দিতে হবে। নইলে তাকে ঈদের আগেই কোরবানি দেওয়া হবে’।” এর আগে বুধবার বিকেলে তার কার্যালয়ের দরজা দিয়ে ফেলে যাওয়া একটি চিঠি তিনি বৃহস্পতিবার খুলে পড়েন বলে জানান। “উভয় চিঠির বক্তব্য প্রায় একই। চিঠিতে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরেই ওসি সুবীর দত্তকে হত্যা করা হবে। নলডাঙ্গা উপজেলায় কোনো মালাউনকে চাকরি করতে দেওয়া হবে না।”

 

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার সিল্কসিটি নিউজকে বলেন, তার সঙ্গে কারো কোনো বিরোধ নেই। তিনি সবার সঙ্গেই মেলামেশা করেন। হত্যার হুমকি দেওয়ার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানান।

 

এ বিষয়ে ওসি সুবীর দত্ত সিল্কসিটি নিউজকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং উদ্ধর্তন কর্মকর্তাকে জানানো হয়েছে। চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে।

স/অ