নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের নলডাঙ্গায় বিএনপি কর্মীদের হামলায় নিহত আওয়ামীলীগ কর্মী আদিবাসী লক্ষণ মুন্ডা হত্যা মামলার প্রধান আসামীসহ ৭ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, নলডাঙ্গা উপজেলার মমিনপুর পূর্বপাড়া গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে আতাউর রহমান, ভানুরভাগ গ্রামের মৃত রেফাত উল্লার ছেলে পিন্টু, ছোট সিংড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রিপন ওরফে নাজমুল, মৃত কছির উদ্দিনের ছেলে ফজুল, মির্জাপুর দিঘার মৃত জগু সরদারের ছেলে নবির, মৃত খেতনের ছেলে মোজাহার, মমিনপুর উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, ২০১৩ সালের ২৬ অক্টোবর ১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের হরতাল সফল করার লক্ষ্যে হরতালের আগের বিএনপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লক্ষণ মুন্ডার বাড়ি অতিক্রম করার সময় মিছিলকারীরা তার বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা লক্ষণ মুন্ডাকে পিটিয়ে এবং তার ছেলে মাতুরাম মুন্ডাকে কুপিয়ে আহত করে। আহত লক্ষণ মুন্ডাকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর তিনি মারা যান।

এ ঘটনায় তার ছেলে মাতুরাম মুন্ডা বাদী হয়ে আতিকুল ইসলাম লালুর নাম সহ ৪৯ জনকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার প্রধান আসামী সহ মোট আট জনকে গ্রেফতার করা হল।
স/শ









