নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জমিজমার লোভে বাক প্রতিবন্ধী ননদকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা।
অনাদায়ে আর পাঁচ মাসের কারাদ-। বুধবার (০৯ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজশাহী জেলা বিশেষ দায়রা জজ আদালতের (১) বিচারক মোসাম্মত জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, সেবী আরা খাতুন (৩৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রায় ঘোষণার পর বিচারকের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাক প্রতিবন্ধী রুশনে আরা তার বড় ভাই মনিরুল ইসলামের বাড়িতে থাকতেন। ২০১৫ সালের ৬ মে রাত ১০টার দিকে জমিজমার লোভে পূর্ব পরিকল্পিতভাবে রুশনে আরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার ভাই মনিরুল ইসলাম বড় ভাই নিসারুল ইসলামকে জানান যে, রুশনে আরা মারা গেছে। কিন্তু মরদেহ দেখে বড় ভাইয়ের সন্দেহ হয়।
তিনি গোদাগাড়ী থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় নিসারুল বাদী হয়ে পরদিন গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে গোদাগাড়ী থানা পুলিশ ওই বছরের ১৮ আগস্ট রুশনে আরার ভাবি সেবী আরাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভাই মনিরুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য আদালতে আবেদন করা হয়।
পরে চার্জশিট গ্রহণ করে আদালত মনিরুল ইসলামকে অব্যাহতি দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এই সাজা দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম।
স/অ










