নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরীর নদী তীরবর্তী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। সম্প্রতি লাগাতার বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শহরের মুক্ত মঞ্চের নিচে ও আশপাশের এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন নদীর তীরে অবস্থানরত অনেক ক্ষুদ্র ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, বৃষ্টির মৌসুমে নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এতে নদীপাড়ে থাকা অস্থায়ী দোকানগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক ব্যবসায়ী যারা দিনমজুরির পাশাপাশি কৃষিকাজ করতেন, তাদের ক্ষেতখামারও পানির নিচে চলে গেছে। ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

একজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, “আমরা মুক্ত মঞ্চের নিচে ছোট ছোট ফুড কার্ট চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। এখন সেগুলো পানিতে ভেসে গেছে। অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। পানি না কমলে ব্যবসা চালানো অসম্ভব হয়ে যাবে।”
এছাড়াও, মুক্ত মঞ্চের চারপাশে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেসব গাছ রোপণ করা হয়েছিল, সেগুলোর অনেকাংশই পানির স্রোতে ভেসে গেছে। ফলে এলাকাটি পরিবেশগত দিক থেকেও হুমকির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা আশা করছেন, পানি দ্রুত নামলে অন্তত ব্যবসার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।









