সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রেম মানেই উত্তেজনা, আর নতুন প্রেম মানেই রোম্যান্সের ছড়াছড়ি, অল্প হলেও ভবিষ্যতের বিষয়ে আকাশকুসুম চিন্তা। আকাশকুসুম চিন্তা না করে বরং তিনটে মূল বিষয়ে ভাবলে সহজ হয়ে যাবে সম্পর্কের ভবিষ্যৎ।
আপনি নিশ্চয়ই এমন কাউকেই প্রেমিক/প্রেমিকা হিসেবে চাইবেন যে আপনাকে শুধু ভালোইবাসে না আপনার ভালো মন্দ সবটাকে গ্রহণও করবে। তাই সম্পর্ক শুরুর আগেই কয়েকটা বিষয়ে সরাসরি কথা বলে নেওয়াই ভালো আপনার সঙ্গীর সাথে। মনে হতে পারে এই বিষয়গুলো অস্বস্তিকর অথবা বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন এসব ভেবে- তবু সম্পর্কের সুস্থতার কথা মাথায় রেখেই স্পষ্ট কথা বলুন আপনার চিন্তাভাবনা, আপনার মানসিকতা এমনকি আর্থিক বিষয়েও।

প্রেম শুরু করার আগে যে তিনটে বিষয় মাথায় রাখা খুবই দরকার।
বিয়ে নিয়ে আপনার ধারণাঃ যার সাথে সবে মাত্র ডেট করা শুরু করেছেন হতেই পারে সে বিয়ে নিয়ে অনেকদূর ভেবে ফেলেছে, আবার হতেই পারে কোনও চিন্তাই নেই তাঁর এই বিয়ে বিষয়ে। দু’জনের একজনও প্রত্যাশা বাড়িয়ে ফেললে সমস্যায় পড়বেন। তাই বিয়ে বিষয়ে আপনার কী মত, কীভাবে আপনি দেখেন এই নিয়মকে সোজাসুজি কথা বলুন সঙ্গীর সাথে। পরবর্তীকালে সমস্যা এড়াতে এখনই সতর্ক হোন।
দু’জনের পরিবার বিষয়ে কথা বলুনঃ যার সাথে সময় কাটাচ্ছেন তাঁর পরিবার সম্পর্কেও সম্যক জ্ঞান থাকা দরকার। ব্যাক্তির মানসিকতা তৈরিতে পরিবারের ভূমিকা অনেকটাই। আপনি কি আদৌ পরিবারের সাথে দেখা করতে ইচ্ছুক, অথবা তাঁকে নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করাতে? স্পষ্ট জানুন, নিজের মতামতও জানান।.
টাকা পয়সার বিষয়ে কথা বলুনঃ সম্পর্কে টাকার কথা আনব কেন- এই জাতীয় অস্বস্তি দূরে রেখে বাস্তববুদ্ধি দিয়ে কথা বলুন সঙ্গীর সাথে। মাসে কত টাকা খরচ করা সম্ভব, কীভাবে নিজের টাকা খরচ করতে আপনি বেশি স্বচ্ছন্দ সেসবই আগেভাগে জানিয়ে রাখুন।









