জাতীয়

নতুন ইসি শাসক মহলের পূর্বপরিকল্পিত: ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। তিনি আরও বলেন, শেষ মুহূর্তে ইসি গঠনে যে রুদ্ধশ্বাস দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অনেকের মনেই সন্দেহের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি বড় সন্দেহ হলো— কাদেরকে নির্বাচন কমিশনে রাখা হবে, সেটি ছিল শাসক মহলের পূর্ব পরিকল্পিত।
নতুন ইসি গঠনের ২৬ ঘণ্টা পর ২০ দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর এ প্রতিক্রিয়া জানান তিনি। এসময় ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচন কমিশনের (ইসি) বাকি সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদ হোসেন চৌধুরী। সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম থেকেই রাষ্ট্রপতি এই পাঁচ জনকে নিয়োগ দিয়েছেন। নবগঠিত ইসি নিয়ে আজ মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা জানিয়েছিল বিএনপি।

সূত্র: বাংলা ট্রিবিউন