রাজশাহীর খবর

নগরীর পঞ্চবটির মাদক ব্যবসায়ীদের সাত দিনের আলটিমেটাম

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মাদকের পথ থেকে সরে আসতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর পঞ্চবটি এলাকায় ‘আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী সচেতনতামূলক সভায় এ আলটিমেটাম দেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

 
নগরীর বোয়ালিয়া মডেল থানা আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম স্থানীয়দের উদ্দেশে বলেন, আপনাদের অনুরোধ করছি মাদকের ব্যবসা ও সেবন থেকে সরে আসেন। আপনাদের সাত দিনের সময় দিলাম। সাত দিনের পর অষ্টম দিনে এই এলাকায় পুলিশ অভিযান চালাবে। মাদকের সাথে সম্পৃক্ত যাকে পাওয়া যাবে, তাকেই আটক করা হবে। কাউকে কোনো ছাড়া দেওয়া হবে না।

 
মহানগরের ২৪ নং ওয়ার্ডের আওয়াতাধীন পঞ্চবটি এলাকাটি মাদক ব্যবসার আখড়া ও মাদক সেবনকারীর এলাকা বলে রাজশাহীজুড়ে পরিচিত। নতুন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর নগরীর মাদকের আখড়া বলে পরিচিত এলাকাগুলো চিহ্নিত করেন। এরই মধ্যে প্রথমের দিকে রয়েছে পঞ্চবটি এলাকাটি। এ এলাকার মানুষকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এই সচেতনতামূলক সভার আয়োজন। সভায় পুলিশ কমিশনার নগরীতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তোলার আহ্বান জানান।

 

সভায় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম পঞ্চবটির বাসিন্দাদের মাদকের ব্যবসা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, রাজশাহীতে কর্মসংস্থানের অভাব নেই। আপনারা মাদকের ব্যবসা থেকে সরে স্বাভাবিক জীবনে আসেন। কাজের প্রয়োজন হলে আমার অফিসে আসেন, অনেক কাজের জায়গা আছে, আমি আমার সাধ্যমতো কাজ দিব।

13647247_647400212084630_167214017_o
জঙ্গি সংগঠনে শিক্ষার্থীদের প্রবেশের ব্যাপারে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সতেচন হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, আপনাদের সতেচনতার বিকল্প নেই। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তার হঠাৎ কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা- তা খেয়াল করুন। সে যদি বিপথে যেতে থাকে তাকে ফিরিয়ে আনুন, না পারলে আমাদের জানান, আমরা যেকোনো ভাবে আপনার ছেলেকে বিপথ থেকে সরে নিয়ে আসবো। একই কথা শিক্ষকদের জন্যেও প্রযোজ্য। এছাড়া সভায় নগরীবাসীর তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

 
রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)একেএম নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার কামাল, একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরমান আলী, স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানাজ বেগম শিখা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন।
এ সভায় পঞ্চবটি এলাকার প্রায় দুই শতাধিক বাসিন্দারা উপস্থিত ছিল।
স/মি