
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর কাটাখালিতে এক ইলেকট্রিক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম শাহীন আলম (৩০)।
তিনি নগরীর কাটাখালির সুচরণ এলাকার সুবহান মাস্টারের ছেলে। তিনি কাটাখালি বাজারের একজন ইলেকট্রিকের দোকানদার বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে কাটাখালি বাজারে শাহীন আলমের দোকানের সামনে একটি মাইক্রোবাস থেকে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত নেমে শাহীন আলমকে মারপিট শুরু করে। পরে তারা শাহীন আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও শাহীনের আত্মীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমান শাহীন রামেক হাসপাতালের ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। এছাড়াও হাসপাতালেও পুলিশ পাঠানো হয়। তবে কি নিয়ে তাকে কোপানো হয়েছে সেটি জানেন না বলেও জানান তিনি।








