নিজস্ব প্রতিবেদক:
নগরীর বালিয়াপুকুর ছোটবটতলা এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির দুইটি রুমের সোফা, খাট, ফ্যান, ফ্রিজের আংশিক অংশ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যদের ভিন্নমত পাওয়া গেছে।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে বালিয়াপুকুর এলাকার নানু শেখ ও আদরের ১৩১/১ নম্বর বাড়িতে আগুন ধরে। এলাকাবাসী বলেন, বালিয়াপুকুর এলাকার রোকন ও আদরের ৬/৭ বছর ধরে বিবাদ রয়েছে। গতকাল বৃহস্পতিবার এই জের ধরে বালিয়া রোকনকে আদর মারপিট করে। এরই জের ধরে রোকনের লোকজন আদরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির লোকজন বাইরে পলাতক থাকায় কেউ আহত হননি।
এর আগেও একবার এ বাড়িতে হামলা চালানো হয়। পরে জনগন আগুন নিয়ন্ত্রনে আনে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতকরের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিরুপন করা যায়নি। অজ্ঞাত কারনে আগুন লেগেছে। এ সময় ঘটনাস্থলে ডিউটিরত বোয়ালিয়া থানার নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রোকনকে কোপানোর ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলা থেকে বাঁচতে ও পাল্টা মামলা করতে আসামীপক্ষ নিজেরাই বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে।
এদিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে বাড়ির জানালা, দরজায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, দরজা জানালা ভাঙ্গা ছিলো এবং ঘরের ফ্রিজ, আলমারি, ট্রাঙ্ক ভাঙ্গা ছিলো। আর ঘরের সোফা, ফ্যান, খাট, ফ্রিজের আংশিক অংশ আগুনে পুড়ে গেছে।
অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৫০হাজার টাকার মাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য,বৃহস্পতিবার নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় হাত-পায়ের রগ কেটে আসাদুজ্জামান রোকন (২৫) নামে এক যুবককে হত্যার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত রোকনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোকন বালিয়াপুকুর এলাকার আবদুর রশিদের ছেলে।
রোকনের ছোট ভাই ফিরোজ কবীর জানান, এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে তার ভাইয়ের আগে থেকেই বিরোধ ছিল। দুপুর ১২টার দিকে ছোট বটতলা এলাকায় রোকনকে একা পেয়ে ওই দুই যুবক চাকু ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশের রগ কেটে ফেলা হয়। এ ছাড়া তার বাম হাতের বাহু ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।
এ দুই ঘটনায় বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, বর্তমানে সেখানকার অবস্থা খুব ভালো।
স/শ









