নিজস্ব প্রতিবেদক:
তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে নগরীতে তামাক কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২৯ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী মেজিস্ট্রেট সমর কুমার পাল এ দণ্ডাদেশ প্রদান করেন।

আজ সোমবার দুপুরে নগরীর তালাইমারী কাচাবাজারে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ডিস্ট্রিবিউটর অফিসে নির্বাহী মেজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে। সেখান প্রচুর পরিমানে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন, প্রচারনা ও উদ্বুদ্ধকরনের সামগ্রী পাওয়া গেলে তিনি এই দণ্ডাদেশ প্রদান করেন।
পরে সংশ্লিষ্ট তামাক কোম্পানির এডমিন অফিসার আব্দুল্লাহ আল মাসুদ (সুজন) শাস্তির এক লাখ টাকা অর্থদণ্ড পরিশোধ করেন। আদালত সকল প্রচারনা সামগ্রী জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করে।

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ধারা ৫(১)(চ)অনুসারে তামাকজাত দ্রব্যের মোড়ক, প্যাকেট বা কৌটার অনুরুপ বা সাদৃশ্য অন্য কোন দ্রব্য বা পণ্যের মোড়ক, প্যাকেট বা কৌটার উৎপাদন বিক্রয় বা বিতরণ আইনত দন্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সামসুজ্জামান, তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারী সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডি’র প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাস ও ব্যাটেলিয়ান আনসার সদস্যগণ।
স/অ










