সিল্কসিটিনিউজ ডেস্ক :
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম রাত সাড়ে ১১টার দিকে এক ভিডিওতে এসব বার্তা দেন।

ভিডিও বার্তার শুরুতে দেশবাসীর উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০২৪ সালের ৩ আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ, নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা, যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটির জন্য লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি।
ভিডিও বার্তার শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা। আগামীকাল ৩ আগস্ট, আমরা ৩ আগস্ট আবারো শহীদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি।
তিনি আরো বলেন, ‘জুলাই পদযাত্রায় আমাদের যে অভিজ্ঞতা, মানুষের যে আকাঙ্ক্ষা সবকিছু মিলিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করতে চাই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গণঅভ্যুত্থানের নেতাদের পক্ষ থেকে আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রকল্পটি আমরা ঘোষণা করতে চাই।’
নাহিদ ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষ কী রকম বাংলাদেশ দেখতে চায়, আমাদের বাংলাদেশটা কী রকম হবে, আমরা যেই নাগরিক মর্যাদার বাংলাদেশের কথা বলি, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, যে দায় ও দরদের রাজনীতির কথা বলি, আমাদের শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানের উপকল্পটি কী হবে আমরা সেই রাজনীতির উপকল্পটি, আমাদের ভবিষ্যৎ কর্মসূচিটি আমরা প্রকাশ করতে চাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের জুলাই পদযাত্রার পরিসমাপ্তি টানতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘৩ আগস্ট এক দফার যেই নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই দিনটিকে স্মরণ করতে চাচ্ছি। আগামীকাল শহীদ মিনারে বিকেল ৪টায় আমরা জড়ো হচ্ছি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা ঢাকা আসুন। শহীদ মিনার এসে যোগ দিন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রতি সে আস্থাটি রাখুন। আমরা গণঅভ্যুত্থানে আপনাদের আস্থার প্রতীক হয়েছিলাম। আমরা আপনাদের সে আস্থা ধরে রেখে বাংলাদেশ বিনির্মাণে, জনগণের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতা এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই সে লড়াই চালিয়ে যেতে চাই। আগামীকাল শহীদ মিনারে দেখা হচ্ছে বিকেল ৪টায়।’
পৃথক ভিডিও বার্তায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আগামীকাল ৩ আগস্ট এক দফা ঘোষণার এক দফা পূর্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তরফে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ ইশতিহার ঘোষিত হবে। সারাদেশের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে আগামীকালের সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’










