দুর্গাপুর প্রতিনিধি:
ঈদুল ফিতরের পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সাধারন জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এক সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করেন। সেখানে এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সামনে তিনি বক্তব্য রাখেন।

পথসভায় আবু বকর সিদ্দিক বলেন,“বিএনপি একটি গণমানুষের দল। আমাদের শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—দলকে সংগঠিত ও শক্তিশালী করতে হলে ঐক্যই সবচেয়ে বড় হাতিয়ার।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত ভিন্নমত থাকতেই পারে, কিন্তু দলীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।”
এ সময় দুর্গাপুর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, বিএনপি নেতা সামসুল ইসলাম, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি আরমান হোসেন, যুবদল নেতা মোজ্জাফর হোসেন, সিহাব, এন্তাজ আলী, নুরুল ইসলাম,ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী এমন জনসংযোগমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় উপস্থিতি প্রত্যাশা করেছেন।









