দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে ছাত্রলীগ নেতা জহির রায়হানকে আমগাছি বাজারে প্রকাশ্যে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলেন একই দলের আওয়ামী লীগ নেতা কার্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলা আমগাছি বাজারে।
আহত ছাত্রলীগ নেতা জহির রায়হানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জনাগেছে, সোমবার উপজেলার গৌরিহার গ্রামের উপজেলা আ,লীগের সাবেক জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস সামাদের ছেলে ছাত্রলীগ নেতা জহির রায়হান সকালে মোটরসাইকেল যোগে দুর্গাপুর বাজারে যাওয়ার জন্য বের হয়। এ সময় আমগছি বাজারে পৌছালে অপর আ.লীগের কর্মী সেন্টু, ওয়াশিম,সাইফুল ইসলাম,মহসিন ও ছালিমসহ ৭-৮জন ব্যক্তি জহির রায়হানের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ী ভাবে হাতুড়ী দিয়ে পিটাতে থাকে। পিটানোর এক সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণের জন্য এলজিএসপি প্রকল্পের বরাদ্দকৃত ১লক্ষ ২৬হাজার ৮৩৯টাকার বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দকৃত টাকার মাধ্যে গত বুধবার শিক্ষার্থীদের মাঝে ১৭ হাজার ৫শ’ টাকার মূল্যের ১৭৫টি টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।
এ সময় আহত জহির রায়হান নিম্নমানের টিফিন ক্যারিয়ার বিতরনের প্রতিবাদ জানালে ইউপি সদস্য আব্দুল মোতালেবের লোকজন তাকে মারপিট করে। এ ঘটনায় গত শুক্রবার আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষয়টি মিমাংসা করা হয়।
এরই জের ধরে আজ সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আন্দুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মোতালেবের লোকজন জহির রায়হানকে আবারো আমগাছি বাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি রহুল আলম সিল্কসিটি নিউজকে জানান, খবর পেয়ে আমগাছী বাজারে পুলিশ পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ এ বিষয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/অ









