নিজস্ব প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হওয়া দুই দিনব্যাপী ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে দুই বাংলার সাহিত্যিকদের প্রবন্ধ উপস্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা- এই সম্মেলন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাহিত্যিকদের হৃদ্যতাকে আরও দৃঢ় করবে।
‘তত্ত্ব ও বাংলার সাহিত্য সংস্কৃতি’ প্রতিপাদ্যে গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) এই সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে বাংলাদেশ, ভারত ও জার্মানির ৬০ জন সাহিত্য-গবেষক তাদের সাহিত্য বিষয়ক তত্ত্ব উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক। তিনি উপস্থিত তিনি বলেন, ‘বাংলা ভাষা আমাদের দুই বঙ্গের মানুষকে বৃহৎ বন্ধনে আবদ্ধ রেখেছে। বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের লোকেরাও নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেন। এটি বাংলা ভাষার জন্য গৌরবের একটি বিষয়। বাংলা ভাষার নির্দিষ্ট একটি সত্ত্বা আছে।
হাসান আজিজুল হক বলেন, সাহিত্যকে ঘিরেই এই সম্মেলন। আর এই সম্মেলনের মাধ্যমেই দুই বাংলার সাহিত্যিকরা একসঙ্গে মিলিত হয়েছেন। তাদের সঙ্গে আমাদের সাহিত্যিকরা ভাবের আদান-প্রদান করছেন। এতে করে সাহিত্যেও নতুন উৎকর্ষতা যোগ হবে। পাশাপাশি দুই বাংলার হৃদ্যতা আরও দৃঢ় হবে। এ সময় তিনি উপস্থিত সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধা ও নিরিখ সাময়িকীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বক্তব্য শেষে কথাশিল্পী হাসান আজিজুল হক সম্মেলনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদেরকে সনদপত্র তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলনের পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নিরিখ’ সাময়িকীর সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। এতে আরও উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক পুরনজিত মহালদার, ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান প্রমুখ।
স/অ










