রাজশাহী

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে স্বস্তিতে সমাবেশ করলো বিএনপি

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিভাগীয় শহর রাজশাহী নগরীতে সমাবেশে ও শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৮ জেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পর আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিএনপি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কোন প্রকার প্রতিবন্ধকতা ও গ্রেপতার ছাড়াই দলীয় কোন কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির এই নেতা বলেন, জনগণ যেদিন নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে সেদিনই বুঝবো দেশে গণতন্ত্র ফিরেছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে সমালোচিত করে এমন কোন কাজ করা যাবে না। এমন কোন কাজ যদি কেউ করে তারেক রহমান বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিশ্বেস করে দিয়ে গেছে। আওয়ামী লীগ এখন এতিমদের দল কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ। সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

স.আর