সিল্কসিটিনিউজ ডেস্ক:
কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ।
প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৮৩.১ ওভারে ২৩৮/৭।

ব্যাটিং: চান্দিমাল (৮৬) ও হেরাথ (১৮)।
আউট: পেরেরা (৯), ডিকভেলা (৩৪), ডি সিলভা (৩৪), গুনারত্নে (১৩), থারাঙ্গা (১১), মেন্ডিস (৫), করুনারত্নে (৭)।
আঘাত পেয়ে মাঠের বাইরে ইমরুল: ইনিংসের ৭৭তম ওভারে তাইজুল ইসলামের বলে সুইপ করেছিলেন রঙ্গনা হেরাথ। কিন্তু বল গিয়ে আঘাত হানে শর্ট লেগে দাঁড়ানো ইমরুল কায়েসের পায়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই টেস্ট খেলতে কলম্বোয় উড়ে যাওয়া ইমরুল। ফিজিও মাঠে গিয়ে ম্যাজিক স্প্রে দেওয়াতেও তেমন একটা কাজ হলো না। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন ইমরুল। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন রুবেল হোসেন।
দুইশ’র আগে সাত লঙ্কান সাজঘরে: জুটি বড় হওয়ার আগেই দিলরুয়ান পেরেরাকে ফিরিয়ে দেন মুস্তাফিজের রহমান। অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন পেরেরা (৯)। ইনিংসে এটি মুস্তাফিজের দ্বিতীয় শিকার। শ্রীলঙ্কার স্কোর তখন ৭ উইকেটে ১৯৫।
চা বিরতির পর সাকিবের প্রথম: চা বিরতির পর ষষ্ঠ ওভারে শ্রীলঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন নিরোশান ডিকভেলা (৩৪)। ইনিংসে এটি সাকিবের প্রথম উইকেট। শ্রীলঙ্কার স্কোর তখন ৬ উইকেটে ১৮০।
দ্বিতীয় সেশনে ৭৯ রানে ১ উইকেট: প্রথম সেশনটি দুর্দান্ত হলেও দ্বিতীয় সেশনে বাংলাদেশের হয়ে এক তাইজুল ছাড়া অন্য কোন বোলার সাফল্য পাননি। এই সেশনটি বেশ সৌভাগ্যের ছিল লঙ্কান ব্যাটসম্যান চান্দিমালের জন্য। একবার এলবিডব্লিউ এবং আরেকবার মিরাজের হাতে ক্যাচ হলেও রিভিউ তার পক্ষে যাওয়ায় বেঁচে যান তিনি।
তাইজুলের শিকার ডি সিলভা: লাঞ্চের পর চান্দিমালের সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কাকে টানতে থাকেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠা তাদের ৬৬ রানের জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। ইনিংসের ৪৮ তম ওভারের দ্বিতীয় বলেই ডি সিলভাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। আউট হওয়ার আগে ৫৪ বলে ৩৪ রান করেন তিনি।
রিভিউতে বাঁচলেন চান্দিমাল: ইনিংসের ৩৯ ওভারের প্রথম বলেই চান্দিমালের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন তুলে বাংলাদেশ। সাকিবের করা ওই বলে আম্পায়ারও সাড়া দিয়ে আউট ঘোষনা করেন চান্দিমালকে। কিন্তু রিভিউতে শেষপর্যন্ত নিজের উইকেট বাঁচাতে সক্ষম হন চান্দিমাল।
লাঞ্চের আগে শুভাশীষের উইকেট: মিরাজ ও মুস্তাফিজদের সঙ্গে লাঞ্চের আগেই উইকেটের দেখা পেলেন শুভাশীষ রয়। দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করা শুভাশীষ উইকেটের দেখা পেলেন প্রথম সেশেনের শেষ মুহূর্তে। শুভাশীষের করা ইনিংসের ২৭ তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লঙ্কান ব্যাটসম্যান গুনারত্নে। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ১৩ রান করেন তিনি।
মিরাজের দ্বিতীয় আঘাত: শততম টেস্টে প্রথম দিনের শুরুটা স্বপ্নের মতোই হয়েছে বাংলাদেশের। দলীয় ৩৫ রানেই তৃতীয় উইকেট হারায় শুরুতে ব্যাট করা লঙ্কানরা। মিরাজের করা ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয়ে বলে স্লিপে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হন উপুল থারাঙ্গা। সাজঘরে ফেরার আগে ৪০ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে।
মুস্তাফিজের পর মিরাজের আঘাত: আগ্রাসী বোলিংয়ে মুস্তাফিজের প্রথম শিকারের পর সাফল্য পেলেন স্পিনার মেহেদী হাসান মিরাজও। মিরাজের করা ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলটি এগিয়ে এসে কাট করতে গিয়ে মুশফিকের কাছে পরাস্ত হন মেন্ডিস। বাংলাদেশ অধিনায়কের হাতে স্টাম্পিং হওয়ার আগে ৬ বলে ৫ রান করেন মেন্ডিস।
মুস্তাফিজের বলে রিভিতে বাঁচলেন থারাঙ্গা: মুস্তাফিজের করা ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লির আবেদন করলে আউট দিয়ে দেন ভারতীয় আম্পায়ার সুন্দারাম রাভি। কিন্তু বল লাইনের বাইরে থাকায় রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।
লঙ্কান শিবিরে প্রথম আঘাত মুস্তাফিজের: নিজের প্রথম তিনটি ওভারই মেডেন। গত ম্যাচের চেয়ে আক্রমণাত্মক ভঙিতে ম্যাচের শুরুতেই দারুণ কিছুর আভাস দেন মুস্তাফিজ। এরই ধারাবাহিকতায় নিজের পঞ্চম ওভারেই পেলেন সাফল্য। মুস্তাফিজের করা ইনিংসের নবম ওভারের চতুর্থ বলেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দিমুথ করুনারত্নে। আউট হওয়ার আগে ৩২ বলে ১ চারে ৭ রান করেন তিনি।
তিন মেডেনে শুরু বাংলাদেশের: কলম্বো টেস্টের শুরুটা বেশ বেশ দারুণ হয়েছে বাংলাদেশের। মুস্তাফিজ ও শুভাশীষ রয়ের আগ্রাসী বোলিংয়ে প্রথম তিন ওভার কোনো রান পায়নি লঙ্কানরা। গলের চেয়ে কলম্বোতে বেশি আক্রমণাত্মক ভঙিতে দেখা যাচ্ছে মুস্তাফিজকে। পি সারা ওভালে নিজের প্রথম তিনটি ওভারই মেডেন পান মুস্তাফিজ।
টসের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ পতাকা নিয়ে ছবি তোলেন। বাংলাদেশ দলে আজ ৪টি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও মুস্তাফিজুর রহমান।
একাদশের বাইরে মুমিনুল হক, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস। অভিষেক হতে যাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের।
শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুণারত্নে, আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকশান সান্দাকান ।
শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ধনঞ্জয়া ডি সিলভা দলে এসেছে। বাদ পড়েছেন লাহিরু কুমারা।
সূত্র: রাইজিংবিডি









