সিল্কসিটিনিউজ ডেস্ক:
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বানভাসি মানুষের ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। বন্যার্ত একটি মানুষকেও না খেয়ে মরতে দেওয়া হবে না।
তিনি সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ১৬টি জেলার ১৩ হাজার মেট্র্র্রিক টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এরমধ্যে সাড়ে ৬ হাজার বিতরণ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের সাহায্য দেওয়া হবে। পানি না কমা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং ত্রাণ বিতরণের কার্যক্রম মনিটরিং করছেন। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা বিশ্বে প্রশংসনীয়। তাই প্রাকৃতিক এই দুর্যোগকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে আমরা সক্ষম হবো।
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, অতিরিক্ত সচিব সাজ্জাদ কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিভ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু উপস্থিত ছিলেন।
সূত্র: রাইজিংবিডি









