সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ান ওপেনে নিজেকে যেন নতুন ভাবেই আবিষ্কার করছেন রাফায়েল নাদাল। একের পর এক দুর্দান্ত জয়ে আসরটির সেমিফাইনালে পৌঁছে গেলেন স্প্যানিশ তারকা। পুরুষ টেনিসে বুধবার তৃতীয় বাছাই মিলোস রাওনিককে সরাসরি সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন সাবেক নাম্বার ওয়ান।

মেলবোর্ন পার্কে শক্তিশালী রাওনিকে মুখোমুখি হন ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নাদাল। কানাডিয়ান তারকা রাওনিক শক্তিশালী এই কারণে, যে এই টুর্নামেন্টে তিনিই এখন পর্যন্ত ৠাংকিংয়ের বিচারে সবচেয়ে এগিয়ে ছিলেন। কারণ শীর্ষ দুই বাছাই অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ আরও আগেই বিদায় নিয়েছেন।
পাশাপাশি ইনজুরির ও ফর্মের কারণে দীর্ঘদিন কোনো মেজর শিরোপার দেখা না পাওয়া নাদালের ৠাংকিং নম্বর নয়। তবে বছরের প্রথম এ গ্র্যান্ডস্ল্যামে বেশ শক্তির জানানই দেন নাদাল। তাই হয়তো আর পেরে ওঠেননি রাওনিক। প্রথম সেটটি ৩০ বছর বয়সী নাদাল জিতে নেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটটি অবশ্য টাইব্রেকারের মাধ্যমে ৭-৬ গেমে জেতেন। তবে শেষ সেটটি ৬-৪ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়ান ওপেনে এ নিয়ে পঞ্চমবার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন নাদাল। আর ২০১৪ সালের পর প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে। নাদাল এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা একবারই জিতেছেন। ২০০৯ সালে সেবার ট্রফিটি জিতে পরের বছর ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন।
সেমিফাইনালের ম্যাচে নাদাল লড়বেন গ্রিগোর দিমিত্রোভের বিপক্ষে। তিনি ১১তম বাছাই ডেভিড গফিনকে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে জায়াগা পান।
সূত্র: বাংলা নিউজ










