সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর খিলক্ষেতের তিন শ’ ফিট সড়কে দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন, সাগর (২০) ও কামরুল (২২) নামে আরও দুইজন। রবিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ একটি দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা থেকে তাদের উদ্ধার করে।
নিহত ববুলবুল হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামে। তার বাবার নাম রজব আলী।

খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান কবির বলেন, রাতে তিন শ’ ফিট সড়কে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে পরে আছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুর্ঘটনার শিকার অটোরিকশার নিচ থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে বুলবুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।










