রাজশাহী

তিন ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে লাইনচ্যুত হওয়া ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি ৩ ঘণ্টা পর উদ্ধারের ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, উদ্ধারের পর লাইনচ্যুত বগিটি রিলিফ ট্রেনে করে হরিয়ান স্টেশনে নেওয়া হয়। বগিটি চলাচলের অনুপযোগী হওয়ায় সেটি সেখানেই রাখা হবে। বাকি বগিগুলো নিয়ে ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাবে। পরে ট্রেনটি রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর আগে পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির ‘ট’ নম্বর বগির একটি যন্ত্রাংশ ভেঙে পড়ে। চলন্ত অবস্থায় ট্রেনটি প্রায় পৌনে এক কিলোমিটার দূরে গিয়ে থামে। এ সময় বগি থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন কেটে দেন।

এর আগে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় সকাল ৬টা থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল।