নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারার তাহেরপুরে স্থানীয় এমপি এনামুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ। কিন্তু সেই ঘোষণার পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে কালামের প্রতিহতের ঘোষণার মধ্যেই আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুরে পথসভা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এমপি এনামুল।

- যদিও কালামের প্রতিহতের ঘোষণা এবং এমপি এনামুলের পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই তাহেরপুরে অনেকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অতিরিক্ত পুলিশ গিয়ে তার আগেই তাহেরপুরে অবস্থান নেয়। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী এমপি এনামুল তার গাড়ীবহর নিয়ে সকাল ১১টার দিকে তাহেরপুর বাজারে আসেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাহেরপুরের কালিতলা বাজারে পথসভা করেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন প্রমুখ।
পথসভা শেষে এমপি এনামুল গাড়ী বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এর মাঝে প্রতিহতের ঘোষণা দিয়েও তাহেরপুর পৌর সভার মেয়র কালাম বা তার বাহিনীর কাউকে মাঠে দেখা যায়নি। ফলে উত্তেজনা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
জানতে চাইলে এমপি এনামুল সিল্কসিটি নিউজকে বলেন, ‘আমার সঙ্গে গোটা বাগমারাবাসী আছেন। একজন মাস্তানের হয়ে কেউ আমার পথসভা প্রতিরোধ করবেন-সেটা বাগমারাবাসীই হতে দিবে না। তারাই পাল্টা প্রতিরোধে মাঠে নামবেন। কাজেই কোনো ধরনের প্রতিরোধের মুখে আমি পড়বো এমনটা কল্পনাও করা যায় না।’
এর আগে শুক্রবার বিকেলেই তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ এমপি এনামুলের পথসভা প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন বলে স্থানীয় আওয়ামী লীগের সূত্রগুলো নিশ্চিত করেছে। এর ফলে তাহেরপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আজ শনিবার সকাল থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।
স/আর









