রাজশাহীর খবর

ঢাকায় সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ মুছে ফেলার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনিল গজার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অসীত কুমার ওরাওঁ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম। এছাড়াও বক্তব্য দেন সাংস্কৃতিক সম্পাদক নিরলা মার্ডি, সহ-সভাপতি প্রশান্ত মিন্জ, সংগঠনিক সম্পাদক মনিকা মার্ডি এবং পাহাড়ি ছাত্র পরিষদের মহানগর সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা।

বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একইসঙ্গে আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবি জানান তারা।