চারঘাট প্রতিনিধি :
ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট বাজার চাররাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মান্নাফ, মহিলা কলেজের অধ্যাপক মনিমুল হক, অণুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, “আর কোনো শিক্ষকের গায়ে যদি পুলিশ লাঠি তোলে, সারা দেশের শিক্ষক সমাজ রাস্তায় নেমে কঠোর আন্দোলনের মাধ্যমে জবাব দেবে। মনে রাখবেন, আপনাদের অনেকেই শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েই আজ পুলিশের চাকরি করছেন। শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা।”
তারা আরও বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষক সমাজ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।
ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সারা দেশে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, চারঘাটের শিক্ষক সমাজও তারই অংশ হিসেবে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—
২০ শতাংশ বাড়িভাড়া প্রদান,
প্রতি শিক্ষককে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান,
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ও অন্যান্য সুবিধার পুনর্বিন্যাস।
উপজেলার সরকারি ও বেসরকারি স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা সমাবেশে অংশগ্রহণ করেন।









