চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনাসভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এ দাবি জানান।
ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’