সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাইক্রোসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, মানুষের ডেটা প্রাইভেসি তার ‘মৌলিক অধিকার’। এজন্য তিনি প্রতেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে আরও উচ্চাকণ্ঠী হতে বলেছেন।
তিনি সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে এক হয়ে সাইবার হুমকী মোকাবিলা করার আহ্বান জানান। বৃহস্পতিবার লন্ডনে মাইক্রোসফট ফিউচার ডিকোডেড কনফারেন্সে এমন আহ্বান নাদেলার ।

সত্য নাদেলা বলেন, প্রত্যেক প্রযুক্তি প্রতিষ্ঠানের উচিত তার গ্রাহকের ডেটার সুরক্ষা নিশ্চিত করা। তাহলেই সেই প্রতিষ্ঠান প্রকৃত ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারবে।
এ জন্য নাদেলা তিনটি বিষয়কে প্রধান হিসেবে গুরুত্বারোপ করেছেন। প্রাইভেসি, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের নৈতিকতা।
নাদেলা বলেন, আমাদের সকলকেই ডিজিটাল অভিজ্ঞতার কথা চিন্তা করতে হবে, যা আমরা সৃষ্টি করে চলেছি। সেখানে অবশ্যই প্রাইভেসি একটি মানবাধিকার হিসাবে গণ্য।
তিনি ইউরোপের নতুন করে আনা জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের প্রসংশা করেন। যেখানে ইইউতে যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই মানার বাধ্যবাধকতা রয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও আইনটির প্রসংশা করে যুক্তরাষ্ট্রেও অনুরূপ আইন করার আহ্বান জানান।
নাদেলা এবং টিম কুক বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। তাই তারা ডেটার সুরক্ষার কঠোর আইন প্রণয়নের পাশাপাশি বর্তমানে গ্রাহকদের ডেটার সুরক্ষা খুব কঠোর নয় বলে উদ্বেগও প্রকাশ করেছেন।
গত সপ্তাহে ব্রাসেলসে এক বক্তব্যে টিম কুক বলেন, আমাদের কাছে ব্যক্তিগত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এটার খেলাপ অনেকটা ‘সামরিক দক্ষতার বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড় করানোর’ মতন।
সত্য নাদেলা বলেন, সাধারণ কিছু ব্যবসা এবং ছোট ব্যবসাগুলোই এখন সাইবার হামলার অন্যতম লক্ষ্যবস্তু, আর এগুলো খুব সংবেদনশীলও বলে মন্তব্য তার। সেদিক থেকেও আমাদের সচেতন থাকতে হবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানগুলোর উচিত হবে এআই নিয়ে একটা নৈতিক অবস্থান তৈরি করা। সেখানে কিছু নিয়ম করে দেয়া যেতে পারে, আমরা কোন ক্ষেত্রে কিভাবে এর ব্যবহার করবো।
তিনি বলেন, মাইক্রোসফট এবং অন্য প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে প্রযুক্তি অপব্যবহার রোধ করা। নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো।
যখন আপনি একটি কাজের জন্য এআই নির্ভর কিছু তৈরি করছেন, কিছু করার জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করছেন তখন সেটির যেন অন্য ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক উদ্দেশ্যে কিছু তৈরি করে অন্য উদ্দেশ্যে কাজে লাগানো, বিশেষ কিছু মহলের হয়ে কাজে লাগানো হলে সেটা অনৈতিক হবে বলে বলেন তিনি।
সিএনবিসি অবলম্বনে









