সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ডাচ্-তুর্কি উত্তেজনা বাড়ছে

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০১৭৩ মিনিট পড়া
ডাচ্-তুর্কি উত্তেজনা বাড়ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের দুই মন্ত্রীকে নেদারল্যান্ড্‌স প্রবেশ করতে না দেয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

তুরস্কের দুই মন্ত্রীকে প্রবেশে বাধা দিয়ে কূটনৈতিক সর্ম্পক ক্ষতিগ্রস্ত করায় নেদারল্যান্ড্‌সকে মূল্য দিতে হবে বলেও সর্তক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। এর প্রতিক্রিয়ায়, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

 

এরদোগানের প্রেসিডেন্সিয়াল ক্ষমতাকে আরও শক্তিশালী করতে গণভোট আদায়ে নেদারল্যান্ড্‌সের বসবাসরত তুর্কিদের মধ্যে প্রচারণা চালাতে রটারডামে এক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন দুই তুর্কি মন্ত্রী। তবে তাদের প্রবেশ করতে দেয়নি ডাচ্ কর্তৃপক্ষ।

 

তুর্কি পরিবারবিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া সড়ক পথে রটারডাম পৌঁছান। কিন্তু ডাচ্ পুলিশ তার প্রবেশ প্রত্যাখান করে তাকে জার্ম‍ান সীমান্তের দিকে নিয়ে যায়। অন্যদিকে এরদোগানের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আকাশ পথে যাওয়ার চেষ্টা করলে তার প্রবেশ প্রত্যাখান করে ডাচ্ কর্তৃপক্ষ।

 

এদিকে রটারডামে তুর্কি সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় ডাচ্ পুলিশ। এ সময় সমবেত তুর্কিদের সঙ্গে সংঘাত সৃষ্টি হলে সেখানে জলকামান ব্যবহার করে ডাচ্ পুলিশ।

 

প্রায় ৪ লাখ তুর্কি বংশোদ্ভুত লোকজন নেদারল্যান্ডসে বসবাস করে। আঙ্কারা তাদের ভোট পেতে আগ্রহী।

 

ডাচ্ সরকার বলছে নেদারল্যান্ড্‌সের সাধারণ নির্বাচনের আগে এ ধরনের সমাবেশ উত্তেজনায় ইন্ধন জোগাবে।

 

এদিকে বিভিন্ন দেশে সমাবেশ করা নিয়ে জার্মানসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে বিব্রতকর সর্ম্পকের সৃষ্টি হয়েছে তুরস্কের।

 

প্রবেশ প্রত্যাখাত হওয়ার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রী নেদারল্যান্ড্‌সকে ফ্যাসিজমের রাজধানী হিসেবে মন্তব্য করেছেন।

 

ডাচ্-তুর্কি সর্ম্পককে নেদারল্যান্ড্‌স বিসর্জন দিয়েছে অভিযোগ তুলে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সর্তক করে বলেন, এ জন্য মূল্য দিতে হবে।

 

নেদারল্যান্ড্‌স সমালোচনা করে এরদোগান বলেন, আমি ভেবেছিলাম নাৎসিবাদ শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল। নাৎসিবাদ পশ্চিমে জীবিত।

 

গত সপ্তাহে এরদোগান জার্মানির বিরুদ্ধেও নাৎসিবাদ ও ফ্যাসিবাদের একই ধরনের শব্দ ব্যবহার করেন।

 

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গত কয়েকদিনে জার্মানি ও নেদারল্যান্ড্‌স এ ইসলামফোবিয়ার প্রতিফলন দেখেছি।

 

ডাচ্ ও জার্মানিতে নাৎসিবাদ ও ফ্যাসিবাদের অবশিষ্টাংশ রয়ে গেছে এরদোগানের এমন বক্তব্যের সমালোচনা করে জার্মান চ্যান্সেলর অঙ্গেলা মারকেল ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন।

 

পশ্চিমাগণতন্ত্র বিরোধী বক্তব্য ও নেদারল্যান্ডসের সঙ্গে তুরস্কের উত্তেজনাপূর্ণ সর্ম্পকের জের ধরে ডেনমার্কের প্রধানমন্ত্রী লারস লোক্কা রাসমুসেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক স্থগিত করেছেন।

 

নেদারল্যান্ড্‌সের ওপর নিষেধাজ্ঞা দিতে আর্ন্তজাতিক সংগঠনগুলোর প্রতি তুরস্কের আহ্বানের পরিপ্রেক্ষিতে ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, তুর্কি চাপের কাছে নতি স্বীকার না করা তার সরকারের জন্য গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, তুর্কি গর্বিত জাতি, নেদারল্যান্ড্‌সও গর্বিত জাতি। আমরা এই ধরনের হুমকি এবং ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে ব্যবসা করতে পারি না।

 

মার্ক রুট বলেন, তার সরকার দ্বন্দ্ব কমাতে কাজ করছে। যদি তুরস্ক দ্বন্দ্ব বাড়ানো পছন্দ করে, আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো। কিন্তু এ সমস্যা সমাধানে আমরা সব কিছু করতে পারি।

 

কূটনৈতিক উত্তেজনার মধ্যে নেদারল্যান্ড্‌স এ বসবাসরত তুর্কিদের বিষয়ে ডাচ্ প্রধানমন্ত্রী বলেন, তারা ডাচ্ নাগরিক, তাদের তুরস্কেও ভোটের অধিকার রয়েছে।

 

বুধবার নেদারল্যান্ড্‌সের সাধারণ নির্বাচনের আগের এ কঠিন সময়ে কূটনৈতিক ‍যুদ্ধে জড়িয়েছে নেদারল্যান্ড্‌স। যেখানে অভিবাসীদের সঙ্গে ডাচ্ পরিচয় ও সর্ম্পক ইস্যু।

 

ডাচ্ পররাষ্ট্র মন্ত্রী বলেন, তুরস্কে ডাচ্ কূটনৈতিক নিরাপত্তার দায়িত্ব তুর্কি কর্তৃপক্ষের।

সূত্র: বাংলা নিউজ