সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তিনি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। ম্যালপাস ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় তার অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকরা শুক্রবার সর্বসম্মতিক্রমে ১৩তম প্রেসিডেন্ট হিসেবে ম্যালপাসকে মনোনীত করেন বলে সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের নেতৃত্ব দেবেন ম্যালপাস। জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ম্যালপাসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের ঘোষণা দিলে বিতর্কের জন্ম হয়।
বিশ্বব্যাংক, আইএমএফের সমালোচনা করে আসা এ মার্কিন অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের ভূমিকা খর্ব করতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।









