জাতীয়

টাঙ্গাইলে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

শনিবার সকালে মির্জাপুর ইছাইল এবং বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় দুটি দুর্ঘটনায় তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

এর মধ্যে ইছাইলে দুর্ঘটনায় এক শিশু, দুই নারী ও এক পুরুষ প্রাণ হারিয়েছেন। আনালিয়া বাড়িতে নিহত হয়েছেন এক মোটর সাইকেল আরোহী।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বলেন, সকাল ৭টার দিকে ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ২০ জন।

আহতদের কুমুদিনী হাসপাতাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর দুই ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে এলেঙ্গা থেকে মোটর সাইকেলে করে আনালিয়া বাড়ি এলাকায় যাওয়ার পথে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সূত্র: বিডিনিউজ