সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ড ভ্যান চালক মো. সাইফুল ইসলাম শাকিল (২৭) নোয়াখালীর সেনবাগ থানার খাজুরিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন ট্রাকচালক মো. রনি মিয়া (৩০) ও হেলপার মো. রুবেল (৩২)।
পুলিশ জানায়, ঢাকা থেকে টঙ্গীগামী একটি কনটেইনারবাহী ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ফ্লাইওভার থেকে টঙ্গী স্টেশন রোডে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে আটকে যায়।
কিছুক্ষণ পর পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে আটকে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাভার্ড ভ্যানের চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং আহত ট্রাকচালক ও হেলপারকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










