শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাদপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় রিমা ওরফে রিপনা খাতুন (১২) নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বখাটে নাজমুল হোসেন কর্তৃক মুখে কীটনাশক ঢেলে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় ৫ জনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ২ জন মহিলাকে আটকও করেছে। বখাটে নাজমুল ঘটনার দিন থেকে পলাতক রয়েছে ।

রিপনা খাতুন উপজেলার ফাজিলপুর গ্রামের রিপন হোসেনের মেয়ে ও আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। বখাটে নাজমুল শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও কোটচাদপুরের ফাজিলপুর গ্রামের মৃত সিরাজ বিশ্বাসের নাতি ছেলে।
রিপনার দাদা শুকুর আলী জানান, কোটচাদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত সিরাজ বিশ্বাসের নাতি ছেলে ভবঘুরে বখাটে নাজমুল হোসেন (১৮) তার ছেলের মেয়ে রিমা ওরফে রিপনাকে প্রেমের প্রস্তাবে উত্ত্যাক্ত করতো । এ ঘটনায় তিনি এবং রিপনার বাবা আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও ২বার অভিযোগ দিয়েছে। স্কুলে যাবার সময় রিপনাকে বখাটে নাজমুল বিভিন্ন ভাবে উত্ত্যাক্ত করতো হত্যার হুমকি দিতো। বুধবার রাতেও রিপনাকে তুলে নিয়ে গিয়ে নাজমুল প্রেমের প্রস্তাব দেয় এবং উত্ত্যক্ত করে।
বিষয়টি ওই রাতে রিপনা তার পরিবারকে জানায়। বৃহষ্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে নাজমুলের পরিবারের সাথে রিপনার পরিবারের লোকজনের বিবাদ শুরু হয়। এই সুযোগে রিপনা ঘরে একা থাকায় নাজমুল ও তার এক সহযোগি রিপনাকে ধরে মুখে কীটনাশক ঢেলে পালিয়ে যায়। তিনি আরো জানান, প্রথমে রিপনাকে উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে সে চিকিৎসাধী অবস্থায় সে মারা যায়।
রিমা ওরফে রিপনার বাবা রিপন হোসেন জানান, কোটচাদপুর হাসপতালে রিপনা চিকিৎসকের সামনেরই জানায় নাজমুল তার মুখে কীটনাশক ঢেলে দিয়েছে। তিনি তার মেয়ে হত্যার বিচার চান।
আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান জানান, বিষয়টি নিয়ে রিমা ওরফে রিপনার অভিভাবক আমাদের বেশ কয়েকবার জানিয়েছিল। মেয়েটি খুব মেধাবী ছিল। তিনিও এর বিচার চান।
কোটচাদপুর থানার ওসি হরেন্দ্রনাথ সাহা জানান, বৃহষ্পতিবার রিমাকে নামজুল ও তার মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে যশোরে মারা যায়। তিনি আরো জানান বৃহষ্পতিবার বিকালে এ বিষয়ে রিপনার বাবা থানায় মৌখিক অভিযোগ দিলে পরে সেটি মামলায় রুপান্তরিত হয়। এ মামলার এজাহারভুক্ত ৫ আসামীর মধ্যে নাজমুলের খালা রেশমা ও সুমিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোটচাদপুর থানায় ৫ জনের নামে একটি মামলা হয়েছে।
স/অ









