সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাপানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে গত কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার ৬০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে করে দ্বীপবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার স্থানীয় মেয়র জেনিচিরো কুবো এই তথ্য জানান। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আকুসেকি দ্বীপে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শারীরিক ক্ষয়ক্ষতি না হলেও, রবিবার মধ্যরাতে ৫.১ মাত্রার ভূমিকম্পসহ টানা কম্পনে মানুষ ঘুমহীন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
আকুসেকি দ্বীপের মোট ৮৯ জন বাসিন্দার মধ্যে ইতোমধ্যে ৪৪ জন কাগোশিমা শহরে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া পাশের আরেকটি দ্বীপ থেকেও ১৫ জন বাসিন্দা সরে গেছেন বলে জানান মেয়র কুবো। এই পৌরসভার আওতায় রয়েছে সাতটি বসতিপূর্ণ এবং পাঁচটি নির্জন দ্বীপ। কাগোশিমা থেকে এসব দ্বীপে পৌঁছাতে ফেরিতে সময় লাগে প্রায় ১১ ঘণ্টা।

গত ২১ জুন থেকে সোমবার সকাল পর্যন্ত এই অঞ্চলে ১ হাজার ৫৮২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে, যাকে ভূতাত্ত্বিকরা ‘সিসমিক স্বর্ম’ (ভূমিকম্পের দলবদ্ধ প্রভাব) হিসেবে ব্যাখ্যা করেছেন।
বিশেষজ্ঞদের ধারণা, পানির নিচে কোনো আগ্নেয়গিরির কার্যকলাপ ও ম্যাগমা প্রবাহ এই কম্পনের কারণ হতে পারে। তবে এই ভূমিকম্পের স্থায়িত্ব কতদিন চলবে, তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না।
মেয়র কুবো বলেন, ‘আমরা জানি না সামনে কী ঘটতে পারে।
এটি কখন শেষ হবে তাও অনিশ্চিত।’ এর আগেও, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একই এলাকায় ভূমিকম্পের তীব্র প্রভাব দেখা গিয়েছিল। তখন মোট ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড হয়েছিল বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। জাপান বিশ্বে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ।
প্রায় ১২.৫ কোটি মানুষের বাস এই দ্বীপপুঞ্জে প্রতি বছর গড়ে ১ হাজার ৫০০টির মতো ভূমিকম্প হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ। এদিকে, সামাজিক মাধ্যমে ভিত্তিহীন গুজব ছড়ানোর কারণে কিছু বিদেশি পর্যটক জাপান সফর থেকে বিরত থাকছেন। ২০২১ সালে পুনঃপ্রকাশিত একটি মাঙ্গা কমিকে ২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যা বাস্তবে ঘটেনি – কিন্তু তা নিয়েও একধরনের ভীতি ছড়িয়েছে।
সূত্র : আরব নউজ










