নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান আর নেই। তিনি রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শহীদ কামরুজ্জামান ও জাহানারা জামানের ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
জাহানারা জামানের মরদেহ সোমবারই ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তবে ছোট ছেলে এইচএম এহশানুজ্জামান স্বপন দেশের বাইরে থাকায় এখনও জানাযার সময় নির্ধারণ হয়নি।
তিনি এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে রওনা হয়েছেন। বাংলাদেশে পৌঁছালে জাহানারা জামানের জানাযা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলেও জানান লিমন।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, জাহানারা জামান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধ্ক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত তিনি রবিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে জাহানারা জামানের মৃত্যুর খবরে রাজশাহী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আত্মীয়-স্বজনরা এএইচএম খায়রুজ্জামান লিটনের উপশহরস্থ বাড়িতে ভীড় জমাতে থাকেন।
পারিবারিক সূত্র সিল্কসিটি নিউজকে আরো জানায়, জাহানার জামানের লাশ রাজশাহীতে আনার জন্য এরই মধ্যে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখান থেকে লাশ নিয়ে আজ দুপুরের মধ্যেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তারা।
সিল্কসিটিনিউজ পরিবারের শোক:
এদিকে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে সিল্কসিটিনিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। সম্পাদক রফিকুল ইসলাম ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর ইশতিয়াক হোসেন লিমন এক শোক বার্তায় সমাজসেবী জাহানারা জামানের মৃত্যুতে রাজশাহীর অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
স/আর









