সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

জনসভায় এক ঘণ্টা আগে এলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬৩ মিনিট পড়া
জনসভায় এক ঘণ্টা আগে এলেন জামায়াত আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই জনসভা মঞ্চে এসে হাজির হলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে বরিশালের মেহেন্দীগঞ্জে পাতারহাট আর সি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর।

শুক্রবার দেশের ৬টি জেলার ৭টি স্থানে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। যার শুরু হয় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে।

বরিশাল-৪ নির্বাচনি এলাকার অন্তর্গত একটি উপজেলা এটি। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে ভোটে লড়ছেন বরিশাল জেলা জামায়াতের আমির আব্দুল জব্বার। তিনিসহ জেলার অন্যান্য প্রার্থীদের সমর্থনে উপজেলার আর সি কলেজ মাঠে একটি জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী।

শুরুতে কথা ছিল সকাল ৯টায় এখানে জনসভায় ভাষণ দেবেন ডা. শফিকুর; কিন্তু পরে বৃহস্পতিবার তা পাল্টে বেলা ১১টা করা হয়। সেই অনুযায়ী চলে দলটির জনসভাকেন্দ্রিক প্রচার-প্রচারণা। নির্ধারিত দিন শুক্রবার সকাল থেকে কলেজ মাঠে জমায়েত হতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা।

বেলা ১১টা নাগাদ মেহেন্দীগঞ্জ এসে পৌঁছার কথা থাকলেও সকাল সোয়া ৯টায় খবর আসে রাজধানী থেকে জনসভাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ডা. শফিকুর রহমানকে বহনকারী হেলিকপ্টার। তখন পর্যন্ত জনসভা মাঠের দুই-তৃতীয়াংশ জায়গা ছিল শূন্য। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিলেন জামায়াতের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।

সকাল ১০টা নাগাদ জামায়াতের আমির এসে পৌঁছান জনসভা মাঠে। অথচ ঘোষিত সূচি অনুযায়ী জনসভা শুরু হতে তখনও ১ ঘণ্টা বাকি। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগেই আমিরের পৌঁছে যাওয়ার খবরে অনেকটা তাড়াহুড়ো করে মাঠের দিকে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। তবে নদী বিচ্ছিন্ন এলাকা হওয়ায় শেষপর্যন্ত অনেকেই আর পৌঁছতে পারেননি জনসভায়। যদিও তাতে খুব একটা কম হয়নি সমাবেশের জনসমাগম। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আর সি কলেজ মাঠ। একপর্যায়ে মাঠ ছেড়ে আশপাশের সড়কে অবস্থান নেন জামায়াত আমিরের বক্তব্য শুনতে আসা জনতা।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াতের সমর্থনে নির্বাচন করা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জনসভাস্থলে এসে পৌঁছান সকাল সাড়ে ১০টায়। তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ডা. শফিকুর। ফলে শেষপর্যন্ত বক্তব্য রাখার সুযোগ না পেলেও সবার সামনে ব্যারিস্টার ফুয়াদকে পরিচয় করিয়ে দিয়ে তার দলীয় প্রতীক ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, শুক্রবার ৬ জেলার ৭টি পয়েন্টে জনসভা করার কর্মসূচি রয়েছে আমিরে জামায়াতের। এ কারণেই মেহেন্দীগঞ্জে এক ঘণ্টা আগে চলে আসেন তিনি। তবে এতে জনসভার জনসমাগম কিংবা সাংগঠনিক আয়োজনে কোনো ব্যাঘাত ঘটেনি। বরং তার এই আগে চলে আসায় দুটি বিষয় পরিষ্কার হয়েছে, এক- জনগণকে বসিয়ে রেখে কষ্ট দেওয়া তো দূরে থাক, বরং জনগণের জন্য বসে থাকেন আমাদের নেতা; দুই. জামায়াতের আহ্বানে সাড়া দিতে জনগণও দেরি করেন না। যে কারণে তারাও সকাল ১০টার মধ্যেই উপস্থিত হয়ে জনসভা মাঠ পূর্ণ করে রেখেছেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এভাবেই আমাদের দলের নেতাদের খুঁজে পেতে কারো কষ্ট হবে না। বরং নেতারাই সুবিধা অসুবিধা জানতে জনগণের দরজায় দরজায় যাবে।

 

সূত্র: যুগান্তর