সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রায় সাড়ে ৬ ঘণ্টার অপারেশনে তৌফা ও তহুরাকে আলাদা করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন৷ শিশু দুটি সুস্থ রয়েছে বলেও জানান তিনি৷
জোড়া শিশু তৌফা ও তহুরার অপারেশন শুরু হয় সকাল ৮টার দিকে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলায় নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে এই অপারেশন হয়। অপারেশন চলমান অবস্থায় বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনও জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য, গত বছর ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি ছিল।

তৌফা ও তহুরাকে গত বছর ৮ অক্টোবর তাদের ঢামেক হাসপাতালে প্রথমবার ভর্তি করা হয়েছিল। তখন তাদের একটি সফল অপারেশনও করা হয়েছিল। গত ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: বাংলাট্রিবিউন









