স্বাস্থ্য

চোখের নিচের কালো দাগ দূর করার সহজ কয়েকটি উপায়

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অনেকেরই চোখের নিচে সবসময় কালচে দাগ বা ডার্ক সার্কেলের সমস্যা দেখা যায়। এটি সৌন্দর্যে প্রভাব ফেলার পাশাপাশি ক্লান্ত, অসুস্থ চেহারার ছাপ ফেলে দেয়। এই সমস্যার পেছনে ঘুমের ঘাটতি, শরীরে আয়রনের অভাব, অতিরিক্ত মানসিক চাপসহ নানা কারণ কাজ করে। তবে কিছু সহজ ও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব।

চলুন, জেনে নিই ডার্ক সার্কেল দূর করার কিছু কার্যকরী ঘরোয়া উপায়।
আলুর রস
আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান চোখের নিচের কালচে দাগ হালকা করতে সাহায্য করে। ছোট করে কাটা আলু ঘষে রস বের করুন এবং তুলোর সাহায্যে তা চোখের চারপাশে লাগান। নিয়ম করে প্রতিদিন কয়েকদিন লাগালে ফল মিলতে পারে।

বরফের টুকরো
বরফের ঠাণ্ডা স্পর্শ চোখের ফোলা ভাব কমাতে এবং রক্তসঞ্চালন বাড়িয়ে ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে। একটি পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে চোখের চারপাশে হালকা করে ঘষুন। কয়েকদিনেই পার্থক্য টের পাবেন।

টমেটোর রস
টমেটোতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের কালচে দাগ কমাতে সহায়ক।

চোখে যেন না ঢোকে, সেদিকে খেয়াল রেখে তুলো দিয়ে চোখের নিচে টমেটোর রস লাগান। নিয়মিত ব্যবহারে উপকার মিলবে।
আন্ডার আই ক্রিম
যাদের ডার্ক সার্কেল দীর্ঘমেয়াদী সমস্যা, তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো মানের আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। একদিন নয়, এটি নিয়মিত ব্যবহার করলেই ত্বক পুষ্টি পাবে এবং দাগ হালকা হবে।

শসার রস
শসার ঠাণ্ডা ও আরামদায়ক গুণ চোখের নিচের ক্লান্তি দূর করে।

ছোট করে কাটা শসা ঘষে রস বের করে তা তুলোর সাহায্যে চোখের নিচে লাগান। কয়েকদিনেই চোখের তলায় সতেজ ভাব ফিরে আসবে।
গ্রিন টি ব্যাগ
ব্যবহৃত গ্রিন টির ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর আলতোভাবে চেপে রাখুন। এতে চোখ ঠাণ্ডা হবে এবং কালচে ভাব কমে আসবে। এটি নিয়মিত করলে ভালো ফল পাবেন।

চোখের নিচের কালচে দাগ দূর করতে রোজের যত্ন এবং একটু সময় দেওয়াই মূল চাবিকাঠি। নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার ও ঘরোয়া এই পদ্ধতিগুলির সাহায্যে সহজেই ফিরে পেতে পারেন সতেজ, উজ্জ্বল চেহারা।

সূত্র : এবিপি বাংলা