সিল্কসিটিনিউজ ডেস্ক :
মানুষের চুল থেকে তৈরি টুথপেস্ট তার ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করতে ও সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা।
বিবিসি জানিয়েছে, বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন দাঁতের এনামেল মেরামত করতে পারে। পাশাপাশি এই টুথপেস্ট দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলো থামাতে পারে।

গবেষণায় দেখা গেছে, মানুষের মুখের লালায় থাকা খনিজের সঙ্গে ওই কেরাটিন মিশে দাঁতের ওপর একটি প্রাকৃতিক এনামেলের মতো সুরক্ষা আবরণ তৈরি করে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও পিএইচডি গবেষক সারা গামেয়া বলেন, বর্তমান দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনার মতো বিকল্প এ কেরাটিন।
তিনি আরও বলেন, এই প্রযুক্তি জীববিজ্ঞান ও দাঁতের চিকিৎসার মাঝের ব্যবধান কমিয়ে এনেছে। এছাড়া এটি এমন এক পরিবেশবান্ধব উপাদান যা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মতো কাজ করে।
সূত্র: যুগান্তর









