সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

চীনে এয়ার শোয়ের মহড়ায় ২ ফ্লায়িং কারের সংঘর্ষ

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
চীনে এয়ার শোয়ের মহড়ায় ২ ফ্লায়িং কারের সংঘর্ষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চীনে মঙ্গলবার একটি এয়ার শোয়ের মহড়ার সময় দুটি উড়ন্ত গাড়ি (ফ্লায়িং কার) পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছে। প্রযুক্তির এই প্রদর্শনীমূলক ইভেন্টে দুর্ঘটনাটি ঘটে।

চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এক্সপেংয়ের সহযোগী প্রতিষ্ঠান অ্যারোএইচটির তৈরি করা যানগুলো মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে একটি গাড়িতে অবতরণের সময় আগুন ধরে যায় বলে কম্পানিটি রয়টার্সকে জানিয়েছে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে থাকা লোকজন নিরাপদ ছিল বলে কম্পানি দাবি করলেও সিএনএন একজন অজ্ঞাতপরিচয় কর্মীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একজন আহত হয়েছে।

চীনের উত্তর-পূর্বাঞ্চলের চ্যাংচুনে চলতি সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া এয়ার শোয়ের মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে ছড়ানো ভিডিওতে আগুনে পুড়তে থাকা এক গাড়িতে ফায়ার সার্ভিসের তৎপরতা দেখা যায়।

এক্সপেং অ্যারোএইচটি সিএনএনকে জানিয়েছে, দুর্ঘটনায় একটি গাড়ির ফিউজলাজ ক্ষতিগ্রস্ত হয় এবং অবতরণের সময় আগুন ধরে যায়।

সম্পূর্ণ বৈদ্যুতিক এই উড়ন্ত গাড়িগুলো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কম্পানি এগুলোর দাম প্রায় তিন লাখ মার্কিন ডলার করে নির্ধারণের পরিকল্পনা করছে। জানুয়ারিতে এক্সপেং জানিয়েছিল, তারা প্রায় তিন হাজার অর্ডার পেয়েছে।

অবকাঠামো, নিয়মকানুন ও জনস্বীকৃতির মতো বড় চ্যালেঞ্জ থাকলেও চীন বৈদ্যুতিক গাড়ির মতোই দ্রুত এই খাতেও বিশ্বে নেতৃত্ব নিতে চায়।

সরকার ইতিমধ্যেই ‘লো-অল্টিটিউড ইকোনমি’ বা নিম্ন-উচ্চতা অর্থনীতির ক্ষেত্রে বিশ্বসেরা হওয়ার লক্ষ্য নিয়েছে।