রাজশাহী

চারঘাটে জমির বিরোধে হত্যার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা শেখ (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে র‌্যাবের হাতে এক আসামি গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব-৫ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া বারোটার দিকে শংকর কাঠি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখ (৪৮), পিতা-মোঃ রহমতুল্লাহ শেখ, সাং-বালাদিয়াড়, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রফিক শেখ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, বাদী ওমর ফারুকের পিতা নিহত মোস্তফা শেখের সঙ্গে একই গ্রামের মোঃ শামীম শেখ (৩০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, মোঃ রফিক শেখ (৪৮), পিতা-মোঃ রহমতুল্লাহ শেখ, মোঃ আব্দুল কুদ্দুস শেখ (৪২), মোঃ শফিক শেখ (৪৫), মোঃ ফরহাদ শেখ (৩৬), সকলের পিতা-মোঃ রহমতুল্লাহ শেখ, মোসাঃ আয়েশা বেগম (৫০), পিতা-মোঃ রহমতুল্লাহ শেখ, স্বামী-মোঃ আব্দুস সাত্তার, মোঃ রহমতুল্লাহ শেখ (৭০), পিতা-মৃত সমতুল্লাহ শেখ, মোঃ সোহেল শেখ (২৮), পিতা-মোঃ শফিক শেখ এবং মোঃ দেলোয়ার দুলি (৬৫), পিতা-মৃত আজিজ মুন্সি, সকলের সাং-বালাদিয়াড়, এছাড়াও হোসেন (৪০), পিতা-মৃত ফাইজুদ্দিন, সাং-কান্দ্রা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধ মেটাতে উভয় পক্ষ গত ৩১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে পারিবারিকভাবে সমঝোতার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিহত মোস্তফা শেখ চারঘাট উপজেলার বাসাদিয়াড় গ্রামের মোঃ খয়ের শাহ (৬৫), পিতা-মৃত খোকা শাহের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা দলবদ্ধভাবে হামলা চালায়।

তাঁরা লোহার হাসুয়া, চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। চিৎকার শুনে বাদী ও তাঁর চাচাতো ভাই ঘটনাস্থলে গেলে তাঁদেরও আঘাত করা হয়। এতে নিহতের পক্ষের কয়েকজন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে লেগুনাযোগে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার পর নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ রহমত উল্লাহ (৭০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে। এরপর র‌্যাবের যৌথ অভিযানে ধরা পড়েন মামলার আরেক আসামি রফিক শেখ।