সব খবর

চাচার বাড়ি থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে সাইম আহমদ (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টায় একই গ্রামের তাহির মিয়ার বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা সদরে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। গভীর রাত পর্যন্ত এ ঘটনার চুলচেড়া বিশ্লেষণে নামে তারা। তবে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানাতে পারেনি পুলিশ।

সাইম বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহির মিয়া চাচা (পিতার চাচাতো ভাই) হওয়ার সুবাদে তাদের বাড়িতেই থাকতো সাইম। সহযোগিতা করত তাদের সাংসারিক কাজে। ঘটনার দিন বিকেলে সাইমকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী নিজেদের পুরোনো বাড়িতে (সাইমদের বাড়ি) বেড়াতে যান তার চাচি। ওই সময় উপজেলা সদরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন চাচা তাহির মিয়া।

পরে রাত সাড়ে ৯টায় সাইমের চাচি বাড়ি ফিরে দেখেন তালাবদ্ধ বাড়ির গেট। ডাকাডাকি করে ভেতরে সাইমের কোনো সাড়া না পেয়ে চাচা তাহির মিয়াকে ফোনে বিষয়টি জানানো হয়। পরে তাহির মিয়াসহ সাইমের মার উপস্থিতিতে তালা ভেঙে বসতঘরে প্রবেশ করেন তারা। তখন একটি বেডরুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে সাইমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া বলেন, বিষয়টি জানতে বাড়ির মালিক ও নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ বের করতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।